আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ আগস্ট: ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। গারুলিয়া পৌরসভার নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা হওয়ার পর প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। মঙ্গল বার গারুলিয়া পৌরসভার নতুন বোর্ড গঠন করে আগের প্রশাসককে সরিয়ে তৃণমূলের রমেন দাসকে পৌর প্রশাসক করার বিরোধিতা করে গারুলিয়া পৌরসভার সামনে
তৃণমূল কর্মীরা দলীয় পতাকা ও কালো পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভ করে।
এতদিন পর্যন্ত গারুলিয়া পৌরসভার প্রশাসক ছিলেন তৃণমূলের সঞ্জয় সিং (নান্নে)। তার পরিবর্তে ওই পদে বসানো হয়েছে তৃণমূল কংগ্রেসের রমেন দাসকে। এটা মেনে নিতে পারছে না সঞ্জয় সিংহ ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। তাদের দাবি, এই রমেন দাস পৌর সভার কোনও কাজ জানে না।। অর্ধেক সময় পৌর সভায় আসেন না। অন্যদিকে সঞ্জয় সিং সব সময় যে কোনও অবস্থাতেই নাগরিকদের পাশে থাকেন। তাহলে কেন দল সঞ্জয় সিংকে সরালো? তাদের আরও দাবি, কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে যে অশোক সিং তাকে ভাইস অ্যাডমিনিস্ট্রেটর বানানো হয়েছে। যে এতদিন বারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার হয়ে প্রচারে ছিলেন। তিনি যখন দলে যোগ দিয়েছিলেন তখন তাকে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মীরা। তাদের দাবি, সঠিক লক্ষ্যে নির্বাচন করুক সরকার না হয় যে ছিল তাকেই বসানো হোক পৌর প্রশাসকের পদে।
এদিন এই বিক্ষোভ সম্পর্কে প্রাক্তন পৌর প্রশাসক সঞ্জয় সিং বলেন, “দল যা সিদ্ধান্ত নিয়েছে তা ভালো হবে বলেই নিয়েছে। আমার তাতে কিছু বলার নেই। আমি মানুষের জন্য কি করেছি সেটা মানুষ বলবে।”
ওপর দিকে নব নির্বাচিত প্রশাসক রমেন দাস তৃণমূলের সকল কর্মী এবং পৌরসভার সকল কর্মীদের তার সাথে সহযোগিতা করে চলার আবেদন করেন।
এদিকে নোয়াপাড়া থানার পুলিশ এসে পৌর সভার বাইরে চলতে থাকা বিক্ষোভ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া তৃণমূল কর্মীদের প্রতিশ্রুতি দিলে আন্দোলন থামিয়ে দেন তারা।

