আমাদের ভারত, নদিয়া, ৩ মার্চ: সাতসকালে সাংসদের বাড়িতে দল বদলের হিড়িক। গঙ্গার ভাঙনের থেকে জোরে ভাঙছে তৃণমূল। আজ ফুলিয়া টাউনশিপ অঞ্চলের শতাধিক তৃণমূল কর্মী নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সদস্য শ্রী শেখর চ্যাটার্জি ও সৌমেন মূর্তির নেতৃত্বে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সাংসদ জগন্নাথ সরকার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
আজ ৩ মার্চ সাতসকালে সাংসদ জগন্নাথ সরকারের শান্তিপুরের বাড়িতে ফুলিয়া টাউনশিপ থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের সদস্য শেখর চ্যাটার্জি ও বুথ সভাপতি সৌমেন মূর্তি বিজেপির পতাকা হাতে তুলে নেন সাংসদ জগন্নাথ সরকারের হাত থেকে। সেখানে শেখর চ্যাটার্জি জানান, বর্তমানে গোটা তৃণমূল কংগ্রেস দলটা অপশাসনে ভরে গিয়েছে। সেখানে থেকে মানুষের জন্য কাজ করা যায় না। তাই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এবং মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগদান করছি।

এ প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার জানান, যত দিন যাবে ততই ভারতের প্রধানমন্ত্রী মোদীজির কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে সব দলের মানুষই এই পতাকার তলে মিলবে।

