স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ অক্টোবর: তৃণমূল কংগ্রেসের পূর্ব নির্ধারিত কর্মসূচিকে বানচাল করতেই তৃণমূল কর্মীদের উপর বোমা গুলি চালানোর অভিযোগ উঠল সিপিএম-কংগ্রেস জোট আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন তৃণমূল কর্মী। এদের মধ্যে রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার
লক্ষ্মীপুর বাজার এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

হাতরাসে নির্যাতিতা খুনের ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে শনিবার বিকেল তিনটেয় চোপড়ায় লক্ষ্মীপুর বাজারে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। প্রতিবাদ সভা ও মিছিলের জন্য তৃণমূল কর্মীরা একে একে জড়ো হতেই তাদের সাথে সংঘর্ষ বেধে যায় সিপিএম-কংগ্রেস জোট কর্মীদের।

তৃণমূল কংগ্রেস নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন অভিযোগ করে বলেন, তৃণমূলকে এলাকায় মিছিল না করতে দেওয়া এবং চোপড়ার লক্ষ্মীপুরে সন্ত্রাস কায়েম করার লক্ষ্যেই সিপিএম- কংগ্রেস জোট পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।

যদিও কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, মিছিলের নাম করে সন্ত্রাস চালানোর জন্য এলাকায় যথেচ্ছ পরিমাণে বোমা গুলি মজুত রেখেছিল তৃণমূল। সেই বোমা ফেটেই এক তৃণমূল কর্মী আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

