আমাদের ভারত, বীরভূম, ৩০ এপ্রিল: বোমা বাঁধতে গিয়ে দুটো হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে ইলামবাজারের ছোটচক গ্রামে। এদিন বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে হাফিজুল শেখ (৩৯) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ইলামবাজারের ছোটচক গ্রামের বাইরে ফাঁকা জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ।
অসাবধানতা বশত বিস্ফোরণ হয়। বিস্ফোরণে হাফিজুল শেখ নামে এক ব্যক্তির কব্জি থেকে দুটো হাতই উড়ে যায়। রাতেই তাকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণে আহত হয় আরও একজন। তার পরিচয় জানা যায়নি।

জানাগিয়েছে, ভোট পরবর্তী হিংসা ছড়াতে বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনাকে কেন্দ্র করে ছোটচক গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে গ্রামে যায় ইলামবাজার থানার পুলিশ। কি উদ্দেশ্যে বোমা বাঁধছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।


