জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: তৃণমূলের ভোট প্রচারের গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গড়বেতায়। ঘটনাটি ঘটেছে গড়বেতা ৩ নম্বর ব্লকের ৪নং অঞ্চলের উড়িয়াসাই এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। আহত তৃণমূল কর্মীদের দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এলাকায় প্রচার করার সময় বিজেপি প্রার্থী রাজীব কুণ্ডুর সমর্থনে বের হওয়া বিজেপির বাইক মিছিল থেকে হামলা চালানো হয়। তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের মারধর করার পাশাপাশি প্রচার গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়।চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গড়বেতা এলাকায়।

গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব কুণ্ডু হামলা চালানোর ঘটনায় বিজেপি কর্মীদের যুক্ত থাকার কথা অস্বীকার করে বলেছেন তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের মধ্যে বচসার জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।

