পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: আজ নানুর দিবস। আজ থেকে ২২ বছর আগে ২০০০ সালের আজকের দিনে তৎকালীন শাসক দল বামফ্রন্ট সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলন করার জন্য ১১ জন কৃষক তথা সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল বীরভূম জেলার নানুর গ্ৰামের সূচপুর এলাকায়। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তৎকালীন শাসক দল তথা বামফ্রন্ট জড়িত বলে অভিযোগ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংগঠিত গণহত্যা নানুর গণহত্যা বা সূচপুর গণহত্যার বিভৎস্যতা সেদিন সারারাজ্যের বিবেকবান মানুষকেও কাঁপিয়ে দিয়েছিল।
সেই বছর থেকে প্রতিবছর আজকের দিনে নানুর দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। আজ মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ড তৃণমূল যুবশক্তির উদ্যোগে দলীয় কার্যালয়ে নানুর দিবস পালিত হয়। মোমবাতি জ্বালিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা জেলা যুবশক্তির নেতা নির্মাল্য চক্রবর্তী, বিশ্বজিৎ কর্মকার সহ অন্যান্য যুবশক্তির নেতৃত্ববৃন্দ।

