করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সবংয়ে তৃণমূলের সমাবেশ, জনগণের আবেগের দোহাই দিয়ে ভুল স্বীকার মানস ভুঁইঞার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: সবংয়ের মাটিতে বিরোধী দলের কেউ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সম্পর্কে খারাপ মন্তব্য করলে পরদিনই দলের কর্মীরা তার জবাব দেবেন। বুথ বৈঠক করবেন। পাড়া বৈঠক করবেন। রাজ্য সরকার ও দলের বিরুদ্ধে সবরকমের অপপ্রচার ও বঞ্চনার জবাব দেবেন। রবিবার সবং বাজারে ভিড়ে ঠাসা জনসভায় এভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা। 

তাঁর কথায়, দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো এত কাজ করেননি। জন্ম থেকে মৃত্যু মানুষের কাজে লাগবে এমন ৬২ টি জনমুখী প্রকল্প চালু করেছেন। বাংলার ৯ কোটি মানুষ এর ফলে উপকৃত হচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, সুবিধা প্রাপকদের কখনো জিজ্ঞেস করা হয় না তুমি সিপিএম না সিপিআই, কংগ্রেস না বিজেপি। আবেদনকারী সকলেই সুবিধা পান। অন্য রাজ্যে রাজনৈতিক পরিচয় দেখে সরকারি সুবিধা দেওয়া হয়। বাংলায় তা হয় না।কেন্দ্রীয় সরকার  বাংলাকে বারবার বঞ্চনা করছে বলে অভিযোগ করেন তিনি জানান, রাজ্যসভা, লোকসভা, এমনকি মুখ্যমন্ত্রী এবিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেও কোনও সুরাহা মেলেনি। সভায় উপস্থিত পঞ্চায়েত প্রধান ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “তুমি পঞ্চায়েত মানে তুমিই মমতা, তুমিই অভিষেক। ওঁদের প্রতিবিম্ব। তুমি ভালো কাজ করলে ওঁদের ভালো। খারাপ কাজ করলে ওঁদের খারাপ। ‘আর ৮/৯ মাস পর পঞ্চায়েত ভোট। এর আগে সমস্ত বকেয়া কাজ শেষ করে ফেলতে হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গিতারানী ভুঁইঞা, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল পান্ডা, বিকাশ ভুঁইঞা, বিধায়ক অজিত মাইতি,  ব্লক যুব সভাপতি আবু কালাম বক্স। জনসভায় দাঁড়িয়ে বিধায়ক অজিত মাইতি জানান, বহু আগে থেকে ঠিক হয়ে থাকার জন‍্য মানস দা’দের এই সভা। 

যতক্ষণ না করোনা আয়ত্তে আসে ততদিন আমাদের দল আর কোথাও এ ধরনের সভা করবে না। সারাদেশে যখন করোনার তৃতীয় ঢেউ তথা ওমিক্রনের ধাক্কায় অসহায় পরিস্থিতি, সমস্ত জমায়েত নিষিদ্ধ, তখন তৃণমূলের বর্ষীয়ান মন্ত্রী মানস ভুঁইঞা কি করে এই জনসমাবেশের আয়োজন করল তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। মানস ভুঁইঞা অবশ্য এজন্য সাধারণ মানুষের আবেগের দোহাই দিয়ে ভুল স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *