গ্রামের অ্যাম্বুলেন্সের ইঞ্জিন খুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ বাগদার তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, গ্রেফতার ১

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জুলাই: বিধায়ক কোটার টাকায় কেনা গ্রাম উন্নয়নের অ্যাম্বুলেন্সের ইঞ্জিন খুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণার বাগদার হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান চাইনা বিশ্বাসের বিরুদ্ধে। এর প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বাগদা রোড অবরোধ করেন এলাকার বিধায়ক দুলাল বর সহ গ্রামবাসীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। প্রধান চাইনা বিশ্বাস ও গ্যারেজ মালিক মুকুল সরকারের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক দুলাল বর। পুলিশ গ্যারেজ মালিক মুকুল সরকারকে গ্রেফতার করে।

অভিযোগ, মাত্র ১৫ হাজার টাকায় গ্রামের অ্যাম্বুলেন্সের ইঞ্জিন খুলে বিক্রি করে দেয় খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান চাইনা বিশ্বাস। এই ঘটনায় বাগদার থানার হেলেঞ্চা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বিক্রি করার ঘটনায় বিজেপি সমর্থকরা বিধায়ক দুলাল বরের নেতৃত্বে প্রায় এক ঘণ্টা বনগাঁ -বাগদা রোড অবরোধ করে।

বিধায়ক দুলাল বর বলেন, ২০০৯ সালে প্রথমবার বিধায়ক থাকা কালীন সাধারণ গরিব মানুষের সুবিধার্থে একটি মারুতি অ্যাম্বুলেন্স হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতকে দিয়েছিলেন। দীর্ঘদিন অ্যাম্বুলেন্স চলার পর কিছুদিন আগে খারাপ হয়ে যায়। ঠিক করার জন্য পঞ্চায়েত লাগোয়া মুকুল সরকারের গাড়ির গ্যারেজে রাখা ছিল।
রবিবার সকালে ওই গ্যারেজের এক মিস্ত্রি অ্যাম্বুলেন্সের ইঞ্জিন খুলে অন্য গাড়িতে লাগানোর সময় এলাকার বাসিন্দারা ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করলে ওই মিস্ত্রি ও গ্যারেজ মালিক মুকুলবাবু জানান, ১৫ হাজার টাকায় হেলেঞ্চার প্রধান চাইনা বিশ্বাস ওই অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বিক্রি করে দিয়েছেন। এরপর এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। উত্তেজনা থামাতে পুলিশ গ্যারেজ মালিক মুকুল সরকারকে গ্রেফতার করে। আজ মুকুল সরকারকে বনগাঁ আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *