সভানেত্রী মমতা, অভিষেক সহ তৃণমূলের সব পদের অবলুপ্তি, জাতীয় কর্মসমিতিতে ২০ জনের নাম ঘোষণা

আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কালীঘাটে হাইভোল্টেজ বৈঠকের পর তৃণমূলের নতুন কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করলেন নেতা পার্থ চট্টোপাধ্যায়। আপাতত সব পদের অবলুপ্তি হয়েছে। শুধু সভানেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই কর্মসমিতিতে রয়েছেন মোট ১৯ জন। তবে পার্থ চট্টোপাধ্যায় মোট ১৬ জনের নাম ঘোষণা করেছেন। পরে পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের কর্মসমিতির সদস্যদের তালিকায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র,পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বরাইক , চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, শুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, রাজেশ ত্রিপাঠী, গৌতম দেব, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, যশবন্ত সিনহা।

তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যে তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই দলের পুরোন সৈনিক।‌ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি রয়েছেন এই তালিকায়। তবে যশবন্ত সিনহা ও রাজেশ ত্রিপাঠী ছাড়া বিভিন্ন রাজ্যের নেতাদের অবশ্য এখুনি দলের কর্মসূচিতে নেওয়া হয়নি।

তাৎপর্যপূর্ণ ভাবে দলের কোনো পদাধিকারীর নাম এখনও ঠিক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর অর্থ আপাতত তৃণমূলের শীর্ষস্থানের সব পদ আপাতত অবলুপ্ত থাকবে। এতদিন যারা পদাধিকারী ছিলেন তারা আর কোন পদে থাকলেন না। পরবর্তীকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের মহাসচিব পর্যন্ত সব পদাধিকারীদের নাম জানাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনকেও।

বৈঠক শেষে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরে কলহের কথা অস্বীকার করে বলেন, এদিন দলের কর্মসমিতি নির্ধারণ করা ছাড়া আর কোনো বিষয়ে আলোচনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *