আমাদের ভারত, হাওড়া, ১০ জুলাই: কোথাও পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ, আবার কোথাও গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ, আবার কোথাও বা কাঠের উনুনে রান্না করে প্রতিবাদ। শনিবার সকাল থেকে এইভাবেই হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে গর্জে উঠল মন্ত্রী থেকে তৃণমূলের নেতা কর্মীরা।
এদিন বীরশিবপুর চৌরাস্তা মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।উদয়নারায়ণপুর বাসষ্ট্যান্ড লাগোয়া পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি কাঠের উনুনে রান্না করে প্রতিবাদ জানান উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি চালিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন বিধায়ক সমীর পাঁজা।

অন্যদিকে আমতা নতুন রাস্তা মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য। উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের উদ্যেগে কুলগাছিয়া পীরতলায় অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। বাগনান বাসষ্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন।
অপরদিকে, উলুবেড়িয়া রাজপথ পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস। উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন।

এদিন তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ স্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করা হয়। আমতার বিভিন্ন পেট্রোল পাম্পে এই কর্মসূচিতে অংশ নেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল।

