জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ অক্টোবর:
১৩ অক্টোবর ঝাড়গ্রামের শিলদা হাই স্কুল মাঠে আয়োজিত বিজেপির সভাকে টেক্কা দিয়ে মাঠ ভরাল তৃণমূল। ওই মাঠে আজ সোমবার বিজেপির পাল্টা সভার ডাক দেওয়া হয়েছিল ঝাড়গ্রাম জেলা তৃণমূলের পক্ষ থেকে। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংসদ অর্পিতা ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। প্রত্যেকেই উত্তরপ্রদেশের দলিত কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা করে বক্তব্য রাখেন। সেইসঙ্গে কেন্দ্রীয় কৃষি নীতির সমালোচনা করেন।

১৩ অক্টোবর বিজেপির সভায় এলাকার মানুষ ভিড় করেছিলেন। যা ছিল তৃণমূলের কাছে চ্যালেঞ্জের বিষয়। আজ সেই মাঠেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে লোক এনে উপচে পড়া ভিড় দেখালো শাসক দল। গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ফলাফল খুব খারাপ হয়েছিল। জঙ্গলমহলের চারটি লোকসভা কেন্দ্রের সবকটিতেই তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিলেন। তার পর থেকেই আগামী বিধানসভা নির্বাচনের জন্য ঘর গোছাতে শুরু করে শাসক দল। আজকের জনসভা সেই ঘর গোছানোর ছবিটি স্পষ্ট করেছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, অর্পিতা ঘোষ সহ অন্যান্য বক্তারাও সভায় লোক সমাগম দেখে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন।

