আমাদের ভারত, মালদা, ১৪ সেপ্টেম্বর: মালদার হবিবপুর থানার শ্রীরামপুর এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মীকে মাথা থেঁতলে খুন।অভিযোগের তির বিজেপির দিকে। মৃত তৃণমূল কর্মীর নাম সুবোধ প্রামানিক। বয়স ৪০ বছর। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের কালিতলা বুথের তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন মৃত সুবোধ প্রামানিক।
পরিবার সূত্রে জানা যায়, জমিতে জল দেওয়ার নাম করে রবিবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। তার জমি শ্রীরামপুর এলাকায় সে মোটরবাইক করে যায়। সোমবার সকালে স্থানীয় লোকেরা জমির পাশে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে হবিবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হবিপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশের প্রাথমিক অনুমান ভারী বস্তু দিয়ে তার মাথায় পিছনদিকে একাধিকবার মারা হয়েছে। ঘটনাস্থল থেকে তার মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে এই খুন, এর পেছনে কে বা রয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার না হলেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য, এর পেছনে বিজেপির হাত রয়েছে। যদিও অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন বিজেপি নেতৃত্বরা।

