পিংলায় তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: রাজ্যে প্রথম দফার নির্বাচনের ৩ দিন আগে পিংলা বিধানসভার তেলিপুকুর এলাকায় এক তৃণমূল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। পথ সভা শুরু হওয়ার আগে বিজেপির লোকজন তৃণমূল নেতার উপর অতর্কিতে হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ।

আহত তৃণমূল নেতা গৌরহরি দে বলেন, “বুধবার বিকেলে আমরা আমাদের প্রার্থী অজিত মাইতি’র সমর্থনে তেলিপুকুর এলাকায় একটি পথসভার আয়োজন করেছিলাম। পথসভা শুরু হওয়ার আগে, স্থানীয় কিছু বিজেপি কর্মী হঠাৎ আমাদের উপর হামলা চালায়। বাঁশ, রড দিয়ে আমার মাথায় মারে। মাথা ফেটে যায়।” এরপরই, পথসভা বন্ধ করে সভার সামনে বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে  পিংলা থানার পুলিশ পৌঁছলে অভিযোগ জানানো হয়। তারপরই বিক্ষোভ ওঠে।

যদিও, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেন। তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *