আদি ও নব্যের দ্বন্দ্ব প্রকাশ্যে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বুদবুদের নস্করবাঁধ, জখম ৪

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২৫ এপ্রিল: আদি বনাম নব্য কর্মীদের দ্বন্দ্বে ফের উত্তপ্ত বুদবুদের নস্করবাঁধ।

হরিনাম সংকীর্তনের আসরে আদি তৃণমূল কর্মীদের ওপর নব্য তৃণমূল কর্মীদের অতর্কিত হামলার অভিযোগ। ঘটনায় আহত হয়েছে চারজন। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল গোটা গ্রামে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে বসল পুলিশ পিকেট। 

জানাগেছে, গত চারদিন ধরে বুদবুদের নস্করবাঁধে হরিনাম সংকীর্তন চলছিল। রবিবার ছিল শেষদিন। আহত আদি তৃণমূল কর্মীদের অভিযোগ, এদিন সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের ময়দানে বসেছিলাম। ওইসময় সদ্য বিজেপি থেকে আসা কয়েকজন তৃণমূলের লোকজন অতর্কিতে হামলা চালায়। লাঠি, রড নিয়ে বেপরোয়া হামলা চালায়। মেলার মাঠে, দোকানে লুটপাঠ করে। মুহূর্তে গোটা এলাকা আশান্ত হয়ে ওঠে। আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিত দর্শনার্থীরা। ঘটনায় ৪ জন জখম হয়। যার মধ্যে চাকতেঁতুল অঞ্চলের তৃণমূলের কোর কমিটির সদস্য কান্তি দে’র মাথা ফেটে যায়। আহত

তৃণমূলকর্মী কান্তি দে, প্রিয়রঞ্জন মন্ডল জানান,
“বিজেপি থেকে নতুন এসেছে ওইসব কর্মীরা। তারপর থেকে এলাকায় উন্নয়নে বাধার সৃষ্টি করছে। তাদের দৌরাত্মে অতিষ্ট গ্রামবাসী। এদিন সন্ধ্যায় নব্য কয়েকজন তৃণমূল কর্মী কাঠি রড নিয়ে অতর্কিতে হামলা করে। এলোপাথাড়ি মারধর শুরু করে। গোটা বিষয়টি পুলিশকে ও দলের নেতৃত্বকে জানিয়েছি।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রশ্ন এই দ্বন্দ্বের কারণ কি? জানাগেছে, সম্প্রতি নস্করবাঁধে ঢালাই রাস্তা নির্মাণের অনুমোদন হয়েছে। প্রশ্ন, তাতে দখলদারি নিয়েই কি ঝামেলার সুত্রপাত? যদিও এবিষয়ে তৃণমূলের গলসী-১ নং ব্লক সভাপতি জনার্দ্দন চট্টোপাধ্যায় জানান, “এটা রাজনৈতিক কোনো ঘটনা নয়। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। বিষয়টি পুলিশ দেখছে।” তিনি আরও বলেন, “গলসি -১ নং ব্লকে দু-একটি বিক্ষিপ্ত ছোট ঘটনা ছাড়া কোনো রকম অশান্তির ঘটনা নেই। সম্পূর্ণ শান্ত এলাকা।”

অন্যদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *