উলুবেড়িয়ায় তৃণমূল ও সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আমাদের ভারত, হাওড়া, ১৭ মার্চ: বুধবার উলুবেড়িয়া মহকমা শাসক ও উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা। এদিন প্রার্থীদের মনোনয়নপত্র জমা উপলক্ষ্যে দুটি জায়গায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের জন্য গত ১২ মার্চ থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। উলুবেড়িয়া লোকসভার ৭টি আসনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। সোমবার উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা তার মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালিপদ মণ্ডল এবং বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুনাভ সেন। অন্যদিকে বুধবার মনোনয়নপত্র জমা দেন আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পাল, সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অসিত মিত্র, বাগনান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী বসির আহমেদ।

অপরদিকে এদিন উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী অশোক দোলুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *