তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নারায়ণগড় বিধানসভার রামা এলাকা।ঘটনায় জানা যায় বৃহস্পতিবার রাতে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট একটি বৈঠক সেরে রামা এলাকা দিয়ে আসছিলেন আর ওই সময় উক্ত এলাকায় একটি মিছিল করছিল বিজেপির কর্মী সমর্থকরা। সূর্যকান্ত অট্ট তথা তৃণমূল কর্মীদের অভিযোগ ওই বিজেপি কর্মী সমর্থকরা অতর্কিতে প্রার্থী সূর্যকান্ত অট্ট এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকের ওপর অশালীন ভাষায় গালিগালাজ সহ লাঠি, রড ও টাঙ্গি নিয়ে আক্রমণ করে।

পাল্টা বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ করেছে। যার মূল নেতৃত্ব দিয়েছিল ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের প্রধান আসাদুল্লাহ খাঁন। তিনি তাঁর দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেন। এক কর্মীর হাতে পায়ে এবং মাথায় চোট রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ততক্ষণে আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ওই রাতে হাসপাতালে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান বিজেপির নারায়ণগড়ের প্রার্থী রমাপ্রসাদ গিরি। তিনি বলেন, আমাদের জেতা এলাকা। তৃণমূল তার অস্তিত্ব হারিয়ে ফেলছে বলে অস্তিত্বকে টিকিয়ে রাখতে এভাবে পরিকল্পিতভাবে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চাইছে।যাতে মানুষ স্বতঃস্ফুর্তভাবে এবারে ভোট গ্রহণে অংশগ্রহণ না করতে পারে।

অপরদিকে এদিন বেলদা হাসপাতালে ভর্তি হওয়া আহত দুজনকে রাতে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সবমিলিয়ে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *