তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলেঘাটা, বাঁশ হকি স্টিক নিয়ে তাণ্ডব কর্মীদের

রাজেন রায়, কলকাতা, ২৯ এপ্রিল: মানিকতলার পাশাপাশি দফায় দফায় উত্তেজনা বেলেঘাটা এলাকাতেও। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, সকাল থেকেই তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছে। ভয় দেখানো হচ্ছে। যাতে ভোট দিতে কেউ না যায়। ঘটনাকে কেন্দ্র করে বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে তৃণমূল এবং বিজেপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ।

জান যায়, এদিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেলেঘাটায়। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। সংঘর্ষে আহত দু’পক্ষের বেশ কয়েকজন।

কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হলেও পরে ফের একবার রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, বুথে এজেণ্টদের বসতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির। যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অভিযোগ, বাহিনীকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *