জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: নির্বাচন ঘোষণা না হলেও তার মধ্যেই প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক কিংবা বিরোধী। কৃষি আইনের বিরোধিতা সহ নির্বাচনী প্রচারে নামল তৃণমূল কংগ্রেস।
বুধবার কেশিয়াড়ি ব্লকের নছিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনেই এই বাইক র্যালি ব্লকের নছিপুর বাসস্ট্যেন্ড থেকে শুরু হয়ে ভসরা হয়ে নছিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের পলাশিয়া মোড় হয়ে খড়িপাড়া পৌছায়। সেখান থেকে কুলবনীতে শেষ হয়।
কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেস ও ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে কৃষি আইনের বিরোধিতা করে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল সারা এলাকা পরিক্রমা করে। ফিতে কেটে বাইক মিছিলের সূচনা করেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু।

নয়া কৃষি আইন বাতিলের দাবি সহ কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয় এদিনের বাইক মিছিলে। পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বিজেপি নেতৃত্বদের বাংলা বিরোধী আচরণের প্রতিবাদে এদিনের এই কর্মসূচি বলে জানান নেতৃত্বরা। তবে বিধানসভা নির্বাচনের দামামা যে বেজে গিয়েছে সেটা রাজনৈতিক দলগুলির কর্মসূচিতেই পরিস্কার।
বৃহস্পতিবার বাইক মিছিলের মধ্য দিয়ে কার্যত নির্বাচনের প্রচারেই সেই ছবি পরিস্কার। উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ, সহ সভাপতি পবিত্র শীঠ, যুব রাজ্য সম্পাদিকা কল্পনা শীঠ, ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, ব্লকের তৃণমূল নেতৃত্ব রামপদ সিং, সংকেত পালোই সহ আরোলও অনেক।

