আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১২ ফেব্রুয়ারি: প্রায় ১০০০ মোটরবাইক নিয়ে বনধের দিনে দুপুর সাড়ে ১২টা পর থেকে জেলাসদর ও সংলগ্ন এলাকায় কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতিগুলির বিরুদ্ধে মিছিল করল জেলা যুব ও তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলের অগ্রভাগে কিছুটা পথ নিজেও মোটরবাইকে থাকলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী। ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি বাবলু কর, টাউন ব্লক সভাপতি দিবাকর দাস সহ ছাত্র যুব তৃণমূলের পরিচিত নেতা-কর্মীরা। শুক্রবার আলিপুরদুয়ার জংশনের ডিআরএম চৌপথি থেকে ট্রাকে মাইক বাজিয়ে বাইক র্যালি শুরু হয়। এরপর বাইক র্যালি জেলাসদরের বক্সা ফরেস্ট রোড ধরে আলিপুরদুয়ার চৌপথি হয়ে দুর্গাবাড়ি পার করে মিছিল গিয়ে থামে বীরপাড়াতে। ফের বীরপাড়া থেকে র্যালি শুরু হয়ে শেষ হয় শোভাগঞ্জে।

উল্লেখ্য, বামপন্থী ছাত্র-যুবদের ডাকে এদিন ১২ ঘন্টার বনধ ছিল। তার মাঝেই এদিন বাইক র্যালিতে বিজেপির বিরুদ্ধে স্লোগানে রাস্তার দুইপাশে পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়েন। সৌরভ চক্রবর্তী বলেন, “কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে যারা গোটা দেশের মানুষকে বিপদে ফেলেছে। আজকের র্যালি তাদের বিরুদ্ধে। পাশাপাশি কিছুদিন ধরেই আমরা বিজেপির লাফালাফি দেখতে পাচ্ছিলাম। আমাদের ছাত্র-যুবরাই বিজেপিকে রুখতে যথেষ্ট। বিজেপিকে ছাত্র-যুবরাই ঘরে ঢুকিয়ে দিতে পারে আজ তা দেখিয়ে দিলাম।” মাইক বাজিয়ে, কেন্দ্র বিরোধী শ্লোগান দিতে দিতে টানা দু’ঘন্টা ধরে গোটা আলিপুরদুয়ার জেলা সদর লাগোয়া এলাকায় ঘুরে বেড়িয়েছে এদিন মিছিল।


