হাওড়ায় সিপিএমের রক্তদান শিবিরে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, হাওড়া, ৫ সেপ্টেম্বর: শনিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া কবরপাড়ায় সিপিএম আয়োজিত রক্তদান শিবিরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রক্তদান শিবিরে নিয়ে আসা টেবিল চেয়ার ভাঙ্গচুরের পাশাপাশি ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি ঘটনায় রক্তদাতা ও চিকিৎসকদের উপরেও হামলার অভিযোগ ওঠে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

জানাগেছে, বাঁকড়া কবর পাড়ায় সিপিএমের একটি দলীয় কার্যালয় থাকলেও ২০১১ সালের পর থেকে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি কর্মীরা কার্যালয়টি খোলে এবং শনিবার সেখানে রক্তদান শিবিরের আয়োজন করে। সিপিএম নেতৃত্বের অভিযোগ শনিবার দুপুর ১টা নাগাদ রক্তদান শিবির চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শিবিরে হামলা চালায়। লাঠি লোহার রড দিয়ে রক্তদান শিবিরের ব্যাপক ভাঙ্গচুর চালায়। এমনকি দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ করেন বাম নেতৃত্ব। তবে বোমা ফাটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও দাবি তাদের।

স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, রক্তদান শিবিরের আয়োজন করাকে নিয়ে গত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের হুমকি দিচ্ছিল এবং রক্তদান শিবির না করার ব্যাপারে তাদের সাবধান করেছিল। যদিও তাদের সেই হুমকি পাত্তা না দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করায় এই হামলা বলে দাবি স্থানীয় সিপিএম নেতৃত্বের। সিপিএম নেতৃত্বের অভিযোগ বাঁকড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মেহের আলীর নেতৃত্বে এই হামলা হয়েছে।

যদিও মেহের আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, শনিবার তৃণমূলের একটি সভা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সিপিএম রক্তদান শিবিরের আয়োজন করেছে সেই কারণে তাদের সভা পিছিয়ে পরেরদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এদিনের এই রক্তদান শিবির থেকে সিপিএম নেতারা উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর সাথে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে দাবি মেহের আলীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *