কুলপি যাওয়ার পথে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা অবরোধ বিজেপির

আমাদের ভারত, ৭ মার্চ:বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের উপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। দলীয় কর্মসূচিতে যোগ দিতে তিনি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে যাচ্ছিলেন। সেই সময় তার কনভয় আক্রমণ ও অবরোধের চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।

কনভয় হামলার অভিযোগ করে একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে কালো পতাকা হাতে একদল লোককে তার গাড়ির সামনে জোরো হতে দেখা যাচ্ছে। সেখানে কনভয়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।‌ তবে পুলিশ বিক্ষোভের মধ্যে দিয়ে কনভয়কে বের করে নিয়ে যায়।

সুকান্ত মজুমদার লিখেছেন, দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর তৃণমূলের গুন্ডারা তার গাড়ি রাস্তা অবরোধ করে এবং কনভয় হামলার চেষ্টা করে। তিনি আরও লিখেছেন তৃণমূল মনে করছে এইভাবে হামলা চালিয়ে তারা বিজেপিকে স্তব্ধ করে দেবে। কিন্তু তৃণমূলের এই ধরনের চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন এই ধরনের ঘটনা কখনোই তারা থেমে যাবেন না।

অন্যদিকে তৃণমূলের বিক্ষোভের পাল্টা জবাব দেয় বিজেপিও। সুকান্ত মজুমদারকে হেনস্তা করার অভিযোগে রামকৃষ্ণপুর এলাকায় পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেন তারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। শেষ পর্যন্ত বিশাল পুলিশবাহিনী সেই অবরোধ তোলে।

এর আগেও বিজেপি নেতাদের কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে।বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা হয়েছিল। একাধিক বার হামলা হয়েছে দিলীপ ঘোষের কনভয়েতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *