আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মার্চ :
ভাড়া বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ এক মধ্যবয়স্ক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের তেলিনি পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম, রাজীব সেন (৪৫)।
জানাগেছে, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে তেলিনি পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পেশায় রাজমিস্ত্রী এবং রঙ মিস্ত্রির কাজ করত বলে জানা গেছে। রবিবার দুপুরের পর তেলিনি পাড়ার বাসিন্দারা রাজীবের ঘরে গুলি চলার শব্দ শুনতে পান। সকলে ছুটে গিয়ে দেখেন, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাজীবের দেহ। স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে রাজীব নিজেই আত্মহত্যা করেছে বলে মনে করছে এলাকার বাসিন্দারা। তবে পেশায় রাজমিস্ত্রী রাজীব কি অসামাজিক কাজে লিপ্ত ছিল? প্রশ্ন উঠতে শুরু করেছে, সে কোথা থেকে বন্দুক পেল? তা জানার চেষ্টা করছে পুলিশ।

টিটাগড় থানার পুলিশ আটক করেছে মৃতের স্ত্রীকে। ঘটনার নেপথ্যে কি রয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী পুলিশ কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ। তিনি বলেন, “পারিবারিক কারনে আত্মহত্যা করেছে বলে শুনেছি। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, তদন্ত করছে গোটা ঘটনার।”

