টিপু এক্সপ্রেসের নাম বদলে হলো ওয়েদেয়ার এক্সপ্রেস

আমাদের ভারত, ১১ অক্টোবর: মোগল সরাইয়ের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ আর ফৈয়জাবাদ জেলা হয়েছে অযোধ্যা। মূলত ব্রিটিশ ও মুসলিম নামকরণ গুলির বদল ঘটানো হয়েছে বিজেপির শাসনকালে। এবার বেঙ্গালুরু মহীশুর টিপু এক্সপ্রেসের নাম বদলে হলো ওয়েদেয়ার এক্সপ্রেস।

কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার দাবি মেনেই এই ট্রেনের নাম বদল হয়েছে বলে জানা গেছে। এক্সপ্রেস ট্রেনটির নাম টিপু সুলতানের বদলে ওয়েদার এক্সপ্রেস করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন বিজেপি সাংসদ। তারপরই এই নামবদলের কথা ঘোষণা করে ভারতীয় রেল। ট্রেনের নাম বদলের পরই নিজেই টুইট করেন সাংসদ। তিনি লেখেন, “শুক্রবার সুখবর এলো। টিপু এক্সপ্রেসের বদলে ওয়েদেয়ার এক্সপ্রেসের পরিষেবা পাবেন আপনারা।” টুইটে তিনি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রহ্লাদ যোশিকেও ধন্যবাদ জানান। এক্সপ্রেস ট্রেনটি থেকে টিপু সুলতানের নাম মুছে ফেলার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন কর্নাটকের মুখ্যমন্ত্রীও।

প্রসঙ্গত উল্লেখ্য, সংঘ পরিবার বারবারই অভিযোগ করে টিপু সুলতান বহু মন্দির ধ্বংস করেছেন, হিন্দুদের গণহত্যা ও ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে মহীশুরের ইতিহাসখ্যাত মহারাজা ওয়াদেয়ার ১৩ শতকের শেষ দিক থেকে ক্ষমতাসীন ছিলেন। রাজ পরিবারের তরফে তার নামে একটি ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল।

এদিকে ট্রেনের নাম বদলের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস। তাদের দাবি গণপরিবহনকেও সাম্প্রদায়িক মেরুকরণের হাতিয়ার করেছে বিজেপি। কংগ্রেস নেতা মনসুর খান প্রশ্ন তুলেছে কেন টিপু এক্সপ্রেস এর নাম বদলে ওয়াদেয়ার এক্সপ্রেস করা হয়েছে? ৪২ বছর ধরে ট্রেনটি এই রুটে চলছে। অতীতে কেউ কখনো নাম নিয়ে মাথা ঘামায়নি। এভাবে নাম পরিবর্তন এক ধরনের সাম্প্রদায়িকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *