কমল রাত্রিকালীন বিধিনিষেধের সময়, তবে চালু হচ্ছে না লোকাল ট্রেন

আমাদের ভারত, ১২ আগস্ট:আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাংলায় করোনার বিধিনিষেধ জারি থাকবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাত্রিকালীন যে বিধি-নিষেধ জারি করা ছিল তার সময় কিছুটা কমানো হয়েছে। কিন্তু লোকাল ট্রেন এখনই চলবে না বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধি নিষেধ ছিল। সাধারণ মানুষের দাবি মেনে সেটা ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন,আশাকরি মানুষের এতে কোন অসুবিধা হবে না। তবে অন্যান্য ক্ষেত্রে যা যেখানে খোলা ছিল এখন তাই থাকবে। এছাড়া ৫০% দর্শক নিয়ে থিয়েটার খোলার অনুমতি দিয়েছে নবান্ন।

তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছে এখনই চলবে না লোকাল ট্রেন। নবান্ন থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, “অনেকে আমায় বলছেন লোকাল ট্রেন চলছে না কেন? আমরা বলেছি এখনও টিকাকরণ হয়নি। গ্রামে টিকাকরণের হার কম। কেন্দ্র সরকার ভ্যাকসিন দিচ্ছে না। ফলে এখনই লোকাল ট্রেন চালালে সংক্রমণ বেড়ে যাবে।” তিনি বলেন,” আমি বুঝতে পারছি অনেকেরই কষ্ট হচ্ছে। আমরা বাস-অটো মেট্রো চালাচ্ছি। তবে লোকাল ট্রেনের জন্য আরো কিছুদিন কষ্ট করতে হবে। আপনার জীবনের থেকে অন্য কিছুই দামি হতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *