ব্যপক হারে বাড়ছে করোনা! শুক্রবার থেকে বন্ধ তাজমহল, পুরী জগন্নাথ মন্দির, ভিক্টোরিয়া, জাদুঘরের মতো দর্শনীয় স্থান

আমাদের ভারত, ১৬ এপ্রিল: দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হারও বেড়েছে। একদিকে কোভিড বেডের আকাল, অন্যদিকে কোভিড মৃতদেহ রাখার জায়গার অভাব। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল কলকাতা শহর সহ দেশের বহু দর্শনীয় স্থানগুলি।

কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা প্ল্যানেটরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলি বন্ধ হয়ে গেল।

শুধু পশ্চিমবঙ্গেই নয় সারাদেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ সব মিউজিয়াম ও স্মৃতিসৌধগুলিও আগামী ১৫মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতিক মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে। টুইট করে এই নির্দেশিকা সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।

এএসআই অধীনস্থ ৩৬৯৩টি সৌধ ও ৫০টি মিউজিয়াম রয়েছে। সেগুলি সবই বন্ধ রাখা হবে। তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দির সহ একাধিক স্থান বন্ধ থাকবে।

আগামী ১৫ মে পর্যন্ত এইসব জায়গাগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হচ্ছে। জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরে পুজো হলেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *