Central forces, Khargapur, খড়্গপুরে নির্বাচনের আগে কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর জোরদার টহল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: আসন্ন নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে খড়্গপুর শহরে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দিতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের ব্যস্ত বাজার এলাকা, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সংলগ্ন অঞ্চলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় এই টহল চালানো হয়।

টহল চলাকালীন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, যে কোনও ধরনের গুজব বা অশান্তি রুখতে সকলে যাতে সচেতন থাকেন, সেই বার্তাও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত এই ধরনের টহল ও নজরদারি অব্যাহত থাকবে। শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে খড়্গপুরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *