আমাদের ভারত, হাওড়া, ১৬ নভেম্বর: জাতীয় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা একটি বাঘরোলকে দেখে বাঘের আতঙ্ক ছড়াল বাগনানের কাপালি পাড়ায়। যদিও পরে পরিবেশ কর্মীর কাছ থেকে প্রাণীটি বাঘরোল শোনার পর বাঘের আতঙ্ক দূর হয়।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে ১৬ নং জাতীয় সড়কের পাশে বাগনানের কাপালি পাড়া এলাকায় একটি আহত বাঘরোলকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নিমেষেই লোকমুখে বাঘের গল্প ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দলে দলে লোক এসে ভিড় জমায় জাতীয় সড়কের পাশে। ঘটনাস্থলে আসেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কমাধক্ষ্য চন্দ্রনাথ বসু। তিনি খবর দেন পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিককে। এরপর চিত্রক প্রামাণিক এসে বাসিন্দাদের আশ্বস্ত করেন আহত প্রাণীটি বাঘ নয় এটা রাজ্য প্রাণী বাঘরোল।

চিত্রক প্রামাণিক জানান, বৃহস্পতিবার সকালে আহত বাঘরোলের খবর পাওয়ার পর দ্রুত এলাকায় আসি। মানুষের মন থেকে বাঘের আতঙ্ক দূর করি। পরে বন দফতরে খবর দিই। তিনি বলেন, খুব সম্ভবত রাতে বা ভোরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় বাঘরোলটি আহত হয়। প্রাণীটির কোমরে চোট লাগায় ও উঠতে পারেনি। পরে সকাল ৮ টা নাগাদ বন দফতরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, আহত বাঘরোলটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

