বাঘের আতঙ্ক! ইসলামপুরের অজিতবাস কলোনি এলাকায় মিলল বাছুরের আধ খাওয়া দেহ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জুন: পায়ের ছাপের পর এবারে মিললো গো-শাবকের দেহের অবশিষ্টাংশ। ঘটনায় শুক্রবার ফের নতুন করে আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও চোপড়া রেঞ্জের বনদফতরের আধিকারিকরা। যদিও আতঙ্ক কাটাতে দ্রুত পদক্ষেপের আর্জি স্থানীয়দের।

অজানা জন্তুর পায়ের ছাপের পর এবারে পাওয়া গেল আধ খাওয়া অবস্থায় গো শাবকের দেহের অবশিষ্টাংশ। যা নিয়ে অজানা জন্তুর ভয়ে শুক্রবার ফের আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যের দিকে এলাকার এক চা-বাগান জুড়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জন্তুটি বাঘ হতে পারে বলে অনুমান করেন স্থানীয়রা। ঘটনার একদিন পর থেকেই খোঁজ মিলছিল না এলাকার একটি গো শাবকের। এরপরই শুক্রবার গোশাবকের দেহের অবশিষ্টাংশ বাগানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রয়েছে জন্তুটির পায়ের ছাপও। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ ও চোপড়া রেঞ্জের বনদফতরের আধিকারিকরা। তারা বাগানে পাওয়া পায়ের ছাপ ও সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন। যদিও বাঘ থাকার সম্ভাবনার কথা অস্বীকার করেছেন। খাবারের সন্ধানে কোনো হিংস্ত্র জন্তু সেখানে এসে থাকতে পারে বলে অভিমত বনদফতরের কর্তাদের। এক-দুদিন পর্যবেক্ষণ করার পর যদি জন্তুটির অস্তিত্ব টের পাওয়া যায় সেক্ষেত্রে বাগানে খাঁচা পাতা হবে বলে জানিয়েছেন চোপড়া ফরেস্ট রেঞ্জ অফিসার শ্যামসুন্দর ঝরিয়াত।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জনগণের আতঙ্ক কমাতে বনদফতরের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও প্রশাসন ও বনদফতরের আশ্বাসেও আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না এলাকাবাসীরা। এক্ষেত্রে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *