সুন্দরবনে বাঘের হামলা, প্রাণে বাঁচলেন মৎস্যজীবী

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২ অক্টোবর:
বাঘের হামলার মুখে পড়েও সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক মৎস্যজীবী। গুরুতর জখম অবস্থায় গৌর মিস্ত্রী নামে ঐ মৎস্যজীবীকে উদ্ধার করে বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গৌরের বাকি তিন সঙ্গী কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ইমলিবাড়ি গ্রাম থেকে তিন সঙ্গীর সাথে মাছ ধরতে সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গল লাগোয়া নদীর চরে গিয়েছিলেন গৌর। সেখানে মাছ ধরার সময় আচমকাই গৌরের উপর একটি বাঘ লাফিয়ে পড়ে। তাঁর চিৎকার শুনে বাকিরা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। বাঘের সাথে লড়াই করেন তাঁরা। বাঘে মানুষে লড়াইয়ের পর অবশেষে গৌরকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান সঙ্গীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় গৌরকে। বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরের সঙ্গী নিমাই মিস্ত্রী বলেন, “আমরা যখন মাছ ধরছিলাম, তখন একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে গৌরের উপর। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমরা সকলে মিলে বাঘের সাথে লড়াই করে গৌরকে ছাড়িয়ে নিয়ে আসি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *