স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ এপ্রিল: প্রসূতি মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, ভাঙ্গচুর করা হল নার্সিংহোমের একাধিক জিনিসপত্র।
আক্রমনাত্মক চেহারা দেখে চিকিৎসকদের চোখে-মুখে আতঙ্কের ছাপ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎস তাদের রোগীকে শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নামে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায়। তার কিছুটা সময় বাদে ওই মহিলার অস্ত্রোপচার করা হয়, তার পরেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার করা হয় ওই মহিলার, আর তারপরেই শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। এমত অবস্থায় চিকিৎসকরা তাকে অন্য জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই প্রসূতি মহিলার।
রোগীর পরিবারের অভিযোগ, মৃত্যুর দু’ঘন্টা বাদে পরিবারকে খবর দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। রোগীর অবস্থার অবনতির কথা জানানো হয়নি পরিবারকে, সম্পূর্ণ চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই প্রসূত মহিলার। জানা যায় মৃত মহিলার নাম সোমা পাশওয়ান, বয়স আনুমানিক ২৭ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় নার্সিংহোম চত্বরে, এর পরেই রোগীর পরিবারের লোকজন নার্সিংহোম লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। এছাড়াও নার্সিংহোমের ভেতরে ঢুকে ভাঙ্গচুর করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তারা রোগী পরিবারের সাথে কথা বলে।

জানা যায় সদ্যোজাত শিশুর প্রথমদিকে শারীরিক অবস্থা খারাপ হলেও এখন বর্তমানে সুস্থ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নার্সিংহোম চত্বর এলাকায়। এখনো প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে নার্সিংহোমের সামনে।

