জয় লাহা, দুর্গাপুর, ৩ নভেম্বর: পুলিশের পরিচয় দিয়ে জাতীয় সড়কের ওপর তোলাবাজির অভিযোগ। ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়ল দু’জন। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, ২ নং জাতীয় সড়কের কাঁকসা আন্ডারপাশ এলাকায়।
পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতদের নাম অর্জুন দে ওরফে গিরি ও প্রশান্ত চক্রবর্তী। দু’জনের বাড়ি কাঁকসার রথতলা এলাকায়। ঘটনার অভিযোগে জানাগেছে, মঙ্গলবার রাতে কলকাতায় চিকিৎসা ফেরত ইলামবাজারের এক দম্পতির চারচাকা গাড়ির সামনে মোটরবাইক দাঁড় করিয়ে আটক করে ওই দুজন। তারপর মোটরবাইকে ধাক্কা দেওয়ার ভুয়ো দোষারোপ দিয়ে ৪০ হাজার টাকা দাবি করে গাড়িতে থাকা পরিবারের কাছে। এবং নিজেদের পুলিশের পরিচয় দিয়ে জুলুমবাজি করে বলে অভিযোগ।
আক্রান্ত পরিবারটি জানান, “রাতে রাস্তা থেকে কাঁকসা থানার কাছাকাছি নিয়ে এসে জরিমানার নাম করে টাকার দাবি করে। এবং একাধিক মামলা দায়ের করার ভয় দেখায়।” ভয় দেখিয়ে ওই পরিবারটির কাছে হাজার দু’য়েক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। কোনও ভাবে আক্রান্ত পরিবারের একজন সেখান থেকে থানায় খবর দেয়। পুলিশ ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে।
জানাগেছে, প্রশান্ত চক্রবর্তী একসময় তৃণমূল কর্মী ছিলেন। এবং তার ঔদ্ধত্বপূর্ণ আচরণের জন্য দল থেকে সরিয়ে দেয়। তারপর থেকে অর্জুন দে ও প্রশান্ত সহ একটি চক্র নানারকম অসামাজিক ও অপরাধমূলক কাজকর্ম করতে শুরু করে। ২ নং জাতীয় সড়কের ওপর পুলিশের পরিচয় দিয়ে গাড়ির নম্বর দেখে বাইরে গাড়িকে ধাওয়া করে প্রায় মোটা টাকা তোলা আদায় করে। তবে এধরনের ঘটনা সংগঠিত করার আগে ওই চক্রটি কাঁকসার ডাকবাংলো মোড় এলাকায় নিজেদের অপারেশনের ‘ব্লু-প্রিন্ট’ তৈরী করে। তারপর রাতে জাতীয় সড়কের ওপর এধরনের অপরাধমূলক কাজ সংগঠিত করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের এদিন দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। টিআই প্যারেড করানো হবে। তারপর আদালতে নিজ হেপাজতে নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত চলছে।

