পুরুলিয়ার জয়পুরে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবক গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ২৯ মার্চ: আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করলো পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতদের বাড়ি ঝাড়খন্ডের চন্দ্রপুরা থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বাংলা–ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় ঝাড়খণ্ড থেকে আসা একটি মোটর সাইকেলে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি। ধৃতদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের ব্যবহার করা মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গত ১৩ তারিখ সন্ধ্যায় এই রকম মোটরসাইকেল ব্যবহার করেই ঝালদা কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে গুলি করে খুন করে দুষ্কৃতীকারীরা। পুলিশ সূত্রে খবর, মোটর সাইকেল ব্যবহার করেছিল ৩ জন দুষ্কৃতী। ঝালদার কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মধ্যে ১ জনকে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *