আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ নভেম্বর: ফের গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদের বহরমপুরে। বুধবার ঘটনার তদন্তে নেমে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। ধৃতদের নাম প্রকাশ চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, দিনেশ চৌধুরী। ঘটনাটি ঘটেছে বহরমপুরের চরদিয়ারে।

পুলিশ সূত্রে খবর, ওই গ্রামেরই এক গৃহবধূ অভিযোগ করেন গ্রামেরই তিন যুবক তাঁকে গণধর্ষণ করেছে। ওই গৃহবধূর স্বামী কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগেই তিনি কেরলে চলে যান। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে তাঁর উপর অত্যাচার করে ওই তিন যুবক। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার ভোরে গ্রাম থেকেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।

