আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ জুন: দু’দিন আগে টোটো চুরির ঘটনার কিনারা করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গ্রেফতার তিন যুবক, উদ্ধার চুরি হওয়া টোটো।
চুরির ঘটনার কিনারা করতে গিয়ে টোটো এবং আরও চুরি হওয়া ব্যাটারি বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার ধৃতদের জেলা আদালতে তোলা হয় বলে দাবি পুলিশের।
বুধবার শহরের দিন বাজার এলাকা থেকে একটি টোটো চুরির অভিযোগ উঠেছিল। রংধামালির বাসিন্দা টোটোর মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পিসি পার্টির পুলিশ। গতকাল গভীর রাতে টোটো চুরির তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা শহর ও শহরতলীর বাসিন্দা। ধৃতদের লাগাতার পুলিশ জেরা করে। জেরা করে চুরি হওয়া টোটোর সন্ধান পায় পুলিশ৷ এরপর পাহাড়পুর এলাকার জালিয়া পাড়া থেকে চুরি হওয়া টোটো পুলিশ বাজেয়াপ্ত করে।
এরপর আবার জেরা করে পুলিশ পান্ডা পাড়া এলাকা থেকে চারটি টোটোর ব্যাটারি বাজেয়াপ্ত করে। এ দিন ধৃতদের জেলা আদালতে তুলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ধৃতরা আর কোনো চুরির ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

