আমাদের ভারত, বর্ধমান, ২৯ জুলাই: ২নং জাতীয় সড়ক ধরে কাজে যাওয়ার সময় অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও একজন। মৃতেরা প্রত্যেকেই মহিলা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানা এলাকায়। মৃতেরা হলেন গায়েত্রী বাগ(৫০), শিউলি লোহার (২৮) ও জবা বাগ (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে ২ নং জাতীয় সড়ক ধরে গলসির গলিগ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলেন এই মহিলা শ্রমিকরা। সেই সময় অজানা একটা গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মহিলারা রাস্তায় পড়ে থাকে। স্থানীয় মানুষজন তাদের দেখতে পেয়ে গলসি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে শিউলি লোহার উত্তর গলসি এলাকার বাসিন্দা। অন্যদিকে গায়েত্রী বাগ ও জবা বাগ গলসির বাবলা এলাকার বাসিন্দা বলে জানাগেছে। আহত রুমা লোহারের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় মানুষদের অভিযোগ, জাতীয় সড়কের ফুটপাথ ধরে নিত্যদিন মাঠের কাজ সহ অন্যান্য কাজে যায় মানুষজন। ওই রাস্তা ধরে দ্রুত গড়িতে গাড়ি চলাচল করে। অনেক সময় বেপরোয়া ভাবে চালকরা গাড়ি চালানোর ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটে থাকে। গলসি থানার পুলিশ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে।

