আমাদের ভারত, মালদা, ১২ ফেব্রুয়ারি: গাছ গাছালির ওষুধ বিক্রি করার নাম করে এক গৃহস্থের বাড়ি থেকে কৌশলে দুই হাজার টাকা হাতানোর অভিযোগ উঠল ভিন জেলার তিন মহিলার বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার যাদবনগর এলাকায়। পরিবারের লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরে হবিবপুর থানায় টাকা কেপমারির অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ আইহো স্ট্যান্ড থেকে ওই তিন মহিলাকে আটক করেছে।
ওই গৃহস্থের বাড়ির কর্ত্রী পপিতা হালদার পুলিশকে অভিযোগে জানিয়েছেন, মা মনসার পুজোর নামে সাহায্য চাইতে আসে ওই তিন মহিলা। সাহায্য নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে জরিবুটি ওষুধ বিক্রি করতে থাকে। বাড়িতে বিভিন্ন ধরনের অসুখ ভালো হবে, বাড়ির উন্নতি হবে এইভাবে বলতে থাকে এবং বিভিন্ন ধরনে ওষুধ দিতে থাকে। ওষুধের জন্য প্রায় দুই হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই তিন মহিলা।

গৃহবধূ পপিতা হলদার বলেন, ওই তিন মহিলা বাড়ি থেকে বেরিয়া যাওয়ার পরেই পরিবারের লোকেরা কি হয়েছে জানতে চাইলে ঘটনাটি বললে পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারে কৌশলে তার কাছ থেকে টাকা হাতানে হয়েছে। অবশেষে গ্রামবাসীরা ওই তিন মহিলার পিছু ধাওয়া করে আইহো স্ট্যান্ডে গিয়ে তাদের ধরে ফেলে। তাদের ব্যাগে বিভিন্ন ধরনের গাছ গাছালির ওষুধ ও বিষধর সাপ পাওয়া যায়। অবশেষে হবিবপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই তিন জন মহিলাকে আটক করে নিয়ে যায়।

