আমাদের ভারত, বর্ধমান, ৩০ সেপ্টেম্বর: নিত্য দিনের মতো গরু চরাতে গিয়ে বানের জলে আটকে পড়ল তিন গ্রামবাসী। পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আউশগ্রাম ও মঙ্গলকোট থানার পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের উদ্ধার করার জন্য স্পিডবোট নামানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা নিম্নচাপের জেরে জলাধারগুলিতে জলের পরিমাণ বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে ঝাড়খন্ডে প্রচুর বৃষ্টিপাতের ফলে শিকাটিয়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। এদিকে অন্যান্য দিনের মতো এদিনও তিন গ্রামবাসী সাজাহান মন্ডল, সামসুল খান ও রাইফেল মন্ডল অজয় নদের চরে গরু চরাতে যায়। তাদের সঙ্গে ছিল ১১ টি গরু। কিন্তু হঠাৎ করে অজয় নদের জল বাড়তে থাকায় তারা তিনজন নদী থেকে উপরে উঠে আসতে পারেনি। সেখানে থাকা ঝোপঝাড়ের গাছে কোনও রকমে আশ্রয় নেয়। এদের মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল। ওই গ্রামবাসী তার ফোন থেকে বাড়িতে খবর দেয়। সেই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা নদীর পাড়ে ছুটে যায়। খবর পেয়ে আসে আউশগ্রাম ও মঙ্গলকোট থানার পুলিশ। সন্ধে নাগাদ কাটোয়া ও বর্ধমান থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সেখানে পৌঁছে যায়।
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, খবর পাওয়ার পরেই গ্রামবাসীদের উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা দফতরকে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জেলা প্রশাসনের তরফে ইতি মধ্যেই বিভিন্ন ব্লকে ব্লকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।

