আমাদের ভারত, ৭ জুলাই: তৃণমূল নেতা ও তার সঙ্গীদের গুলি করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল ক্যানিংয়ে। দুষ্কৃতীদের হাতে মোট তিনজন খুন হয়েছে। নিহতদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য রয়েছেন। নিহত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি। তিনি ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের সদস্য। বাকি দু’জনের নাম ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামানিক।

জানাগেছে, একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন স্বপন মাঝি ও বাকি দুই ব্যক্তি। তিনজন একটি বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে হামলা চালায় জনা ৪-৫ ব্যক্তি। বাইকে আসা আঁততায়ীরা পঞ্চায়েত সদস্য ও তার সঙ্গীদের উদ্দেশ্যে গুলি করে। দুষ্কৃতীরা শুধু গুলি করে ক্ষান্ত হয়নি। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পর ওই তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এরপর পালানোর সময় বোমাও ছোড়ে দুষ্কৃতীরা বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ক্যানিংয়ের তৃণমূল নেতা কর্মীকে খুনের পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে। ভবানী ভবনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে।

