স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল: মাটি চাপা পড়ে গুরুতর আহত ৩ কিশোর। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলতাপুর হাইস্কুলের পেছনে অবস্থিত শিব মন্দিরের সামনে।

জানাগেছে, ভুট্টা ক্ষেতের পাশে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। জেসিবি মেশিন মাটি কেটে চলে যাওয়ার পর তিনজন কিশোর ওই এলাকায় খেলতে যায়। তারপর হঠাৎ মাটি ধসে পড়ে নিচে চাপা পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে আসে। মাটির নীচ থেকে তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আহতদের নাম মিঠুন সিংহ (১২), পবন দাস (৭) ও সুশান্ত সরকার।

স্থানীয় বাসিন্দারা বলেন, আলতাপুর ১ গ্ৰাম পঞ্চায়েত সদস্য পদ্ম দাস তার নিজের জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে, নীচু জায়গা উঁচু করার জন্য মাটি ভরাট করছিল। সেই মাটি কাটা খালে খেলতে গিয়ে চাপা পড়ে আহত হয় তিন জন। আহত দু’জন পবন দাস ও মিঠুন সিংহ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ও একজন সুস্থ রয়েছে বলে জানাগেছে।

