আমাদের ভারত, হাওড়া, ১৫ ডিসেম্বর: আগুনে পুড়ে গেল ৩ টি দোকান। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ফুলেশ্বরের কালসাপা বাজারে। জানাগেছে, বুধবার দুপুর ২ টো নাগাদ বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে আচমকা আগুন লাগে। দ্রুত আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্ক দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

