স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ অক্টোবর: সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হল তিনটি বিষধর সাপ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। ঝন্টু শীল নামে এক ব্যক্তির বাড়ির একটি সেফটি ট্যাঙ্ক থেকে দুটি বড় বড় গোখরো সাপ এবং একটি বড় দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।
বেশ কিছু দিন ধরে সাপ গুলি সেখানে পড়ে ছিল, মঙ্গলবার বাড়ির লোকজন সেই সাপ গুলিকে সেখানে পড়ে থাকতে দেখে। তারপর সাপগুলিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থায়। খবর পেয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া সহ সদস্যরা সেখানে গিয়ে বাঁশ ও দড়ির সাহায্যে সাপগুলিকে উদ্ধার করে। উদ্ধার করা সমস্ত সাপগুলোকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পশুপ্রেমী সংস্থার সদস্যরা।
অন্যদিকে রায়গঞ্জের উদয়পুরে অপর একটি বাড়ি থেকে একটি ৬ ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। সাপ উদ্ধার করার পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সাপ কামড় দিলে যেন ওঝা গুনিনের কাছে না গিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য এমনই প্রচার চালানো হয় পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে।

