আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ সেপ্টেম্বর: টিনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা সহ তিন জনের মৃত্যু হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার তিলনা গ্রামে।
বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন আচমকাই বাড়িতে বিদ্যুতের সংযোগ ঘটে। তড়িঘড়ি মেইন সুইচ বন্ধ করলেও প্রথমে বাবলু মুর্মু বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশাপাশি টিনের দেওয়ালে হেলান দিয়ে থাকা বাবলুর জেঠু কবিরাজ মুর্মু ও জেঠিমা হপনময়ী সোরেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। সেইসঙ্গে গোপাল মুর্মু নামে আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি চারজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবলু মুর্মু, কবিরাজ মুর্মু ও হপনময়ী সোরেনকে মৃত বলে ঘোষণা করেন। আহত গোপাল মুর্মু আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
টিনের বাড়িতে বৃষ্টির কারণে সর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

