৮৩ কেজি গাঁজা সহ তিন ব্যক্তি গ্রেফতার চোপড়ায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ আগস্ট: বিপুল পরিমাণ গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম থেকে উত্তর প্রদেশের দিকে যাচ্ছিল পাঁচ ব্যক্তি। কিন্তু শিলিগুড়ি থেকে একটি বাসে চেপে বিহারের দিকে যাওয়ার পথে ওই পাঁচজনের সাথে বাসের টিকিট পরীক্ষক ও বাস চালকের বচসা হওয়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জিয়াখুরি এলাকায় তাদের বাস থেকে নামিয়ে দেয় বাসের টিকিট পরীক্ষক। গন্ডগোলের ঘটনায় ওই পাঁচ ব্যক্তিকে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় চারজন। একজনকে এলাকাবাসীরা আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ আটক ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওই ব্যাগগুলি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮৩ কেজি গাঁজা। ধৃত একজনকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও ২ জনকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। সোমবার ধৃত তিনজনকে ইসলামপুর মহাকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ধৃতদের ৫ দিনের পুলিশি হেপাজতের আবেদন করেছে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের সাথে যুক্ত অপর দুইজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *