ট্রাক্টরে চেপে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু তিনজনের

আমাদের ভারত, বর্ধমান,৮ জুলাই: ট্রাক্টরের পিছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার কালনা দেবীপুর রোডে। ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে মেমারি হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে মৃতরা হল রূপালী বাস্কে(৪২), রাজদীপ বাস্কে (৭) ও লক্ষী মান্ডি (১৩)। এরমধ্যে রূপালী ও রাজদীপ সম্পর্কে মা ও ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি জেলার পান্ডুয়া থানার পাইরা, চাঁদারিপাড়া এলাকার ৩০-৩৫ জন একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তারা ট্রাক্টরের করে বাড়ি ফিরছিলেন। ট্রাক্টরে বেশিরভাগ মহিলা ও শিশু ছিল। এদিন বাড়ি ফেরার পথে মেমারির কালনা দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে একটা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারলে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। পরে অনাময় হাসপাতালে এক কিশোর ও এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহতদের উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদের বর্ধমানের অনাময় হাসপাতাল স্থানান্তরিত করা হয়। পুলিশ ট্রাক এবং ট্রাক চালককে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *