ঝাড়গ্রামে হাতির হানায় তিন দিনে মৃত তিন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ জুন: ঝাড়গ্রাম ব্লকে গত তিন দিনে বুনো হাতির আক্রমণে এক বনকর্মী সহ তিন জনের মৃত্যু হয়েছে। হাতির হানায় পরপর মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায়। গত রবিবার সকালে বরিয়া গ্রামের বাসিন্দা পাঁড়ু মাহাতো (৬৫) গবাদি পশুর জন্য কলাবনি জঙ্গলে সাইকেলে করে পাতা আনতে গিয়েছিলেন। পাতা সংগ্রহ করার সময় একটি বুনো হাতির সামনে পড়ে যান। হাতিটি তাকে শুঁড়ে ধরে আছাড় মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিন  হাতির তাণ্ডবের প্রতিবাদে ঝাড়গ্রাম- লোধাশুলি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

এরপর মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের আমলাচটি গ্রামে একটি ভেষজ উদ্যানে চারটি দাঁতাল ঢুকে পড়লে বনদপ্তরের কর্মীরা হাতিগুলোকে উদ্যান থেকে বের করার চেষ্টা করেন। এই সময় বনদপ্তরের কর্মী বুদ্ধদেব শবর হাতিগুলি বের হওয়ার জন্য উদ্যানের গেট খুলছিলেন। তখনই একটি হাতি দৌড়ে গিয়ে ওই বনকর্মীকে শুঁড়ে জড়িয়ে ধরে আছাড় মারে। গুরুতর জখম অবস্থায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

এদিনই বিকেলে হাট থেকে ফেরার সময় ঝাড়গ্রাম এলাকার বেনিপুর জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয় পাথরচাকড়ি গ্রামের মুচিরাম খিলাড়ির (৪৫)। ফেকোঘাট হাট থেকে ফেরার সময় তিনি ওই জঙ্গলে হাতির সামনে পড়ে যান। একটি হাতি তাকে শুঁড়ে ধরে রাস্তার উপর আছাড় মারে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যার পর তিনি মারা যান। পরপর হাতির হানায় এলাকাবাসীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *