পশ্চিম মেদিনীপুরে “শিক্ষারত্ন” সম্মান পাচ্ছেন তিন জন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর থেকে এবার শিক্ষারত্ন সম্মানে ভূষিত হচ্ছেন তিনজন। “শিক্ষারত্ন” সম্মান প্রাপকদের  তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে স্থান পেয়েছেন বিপ্লবীদের স্মৃতিবিজড়িত মেদিনীপুর টাউন স্কুলের(বয়েজ) প্রধান শিক্ষক ড: বিবেকানন্দ চক্রবর্তী। জেলায় প্রাথমিক বিভাগ থেকে এই পুরস্কারে এবার সম্মানিত হচ্ছেন দাঁতন ১ নং ব্লকের দোয়াস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দাস প্রধান। এছাড়াও কলেজ-বিশ্ববিদ্যালয় স্তর থেকে এই তালিকায় স্থান পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড: অজয় কুমার মিশ্র।

মেদিনীপুর টাউন “হেরিটেজ” উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: বিবেকানন্দ চক্রবর্তী ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে জাতীয় স্তরে শিক্ষক হিসেবে “রাষ্ট্রপতি পুরস্কার”-এ ভূষিত হন। লিখেছেন ১৪ টি গ্রন্থ। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে পেয়েছেন সম্মাননা পত্র। একাধিক আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ পেয়েছেন। শ্রীলঙ্কা থেকে আমন্ত্রিত হয়ে পেয়েছেন ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাম্বাসেডর’ সম্মান। 

২০০৬ সালে মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২০১০ সালে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মেদিনীপুর টাউন স্কুল “হেরিটেজ” ঘোষিত হয়। মহামারী করোনা আবহে গত বছরের মতো এবারও  কলকাতার রাজ্যস্তরীয় অনুষ্ঠানের পরিবর্তে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তর থেকে আগামী ৫ সেপ্টেম্বর এই তিন জনের  হাতে পুরস্কার তুলে দেবেন জেলাশাসক ডাঃ রশ্মি কমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *