আমাদের ভারত, ৮ এপ্রিল: মুম্বাই শহরে তিন পাক জঙ্গি ঢুকে পড়েছে সকালে। শনিবার এমনই এক অজ্ঞাত পরিচয়ের একটি ফোনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাণিজ্য নগরীতে। শহরের সব জায়গায় পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে দেয়।
শনিবার সকালে পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে বলে সূত্রের খবর। ফোনে এক পুরুষ কণ্ঠস্বর পুলিশকে সতর্ক করে, দুবাই থেকে মুম্বাইতে ঢুকেছে তিন জঙ্গি। হামলার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। যুবকের ফোন পাওয়া মাত্রই শহরের সমস্ত থানাকে সতর্ক করা হয়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দাবি করেছে, তিনজনের মধ্যে একজন জঙ্গিকে তিনি চিনতে পেরেছেন। সেই জঙ্গির নামও তিনি জানিয়েছেন পুলিশকে বলে খবর। ওই জঙ্গির নাম মুজিব সৈয়দ। জঙ্গির ফোন এবং গাড়ির নম্বর পুলিশকে দিয়েছেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
ওই ফোন পাওয়ার পরই শহরজুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। যদিও ওই ব্যক্তির দাবি করা জঙ্গিদের কোনো খবর এখনো পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে ফোনটি ভুয়ো হতে পারে। তবু নিরাপত্তায় কোনো রকম খামতি রাখতে চায়নি মুম্বাই পুলিশ। এর আগেও এনআইএ অফিসে জঙ্গি হামলার হুমকির উড়ো ফোন এসেছে। যদিও তল্লাশি চালিয়ে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। তখন দাবি করা হয়েছিল ভুয়ো ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। তাই শনিবারের এই ঘটনাও তেমনটাই কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

