ভুয়ো পোস্টার কান্ডে ঝাড়গ্রামে গ্রেপ্তার আরো তিনজন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ মে:
জঙ্গলমহলে ভুয়ো পোস্টার কান্ডে আরো তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলার পুলিশ। গত ২৫ এপ্রিল একই অভিযোগে মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া পূজা সিংকে জিজ্ঞাসাবাদ করে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিনপুর থানার পুলিশ জানিয়েছে।

ধৃত তিন যুবক হল- বিনপুর থানার মুচিবাইদ গ্রামের সমীর বাস্কে, বেলপাহাড়ি থানার ভেদাকই গ্রামের রজত নিয়োগী এবং ওই থানারই কুচলাপাহাড়ি গ্রামের সন্দীপ সিং। বুধবার এই তিনজনকে পূজা সিং ও রাজু সিংয়ের মতই রাষ্ট্রদ্রোহের মামলাতে যুক্ত করা হয়েছে। পুলিশের আবেদন অনুযায়ী তদন্তের স্বার্থে তিনজনকেই পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রামের মুখ্য দায়রা আদালত।

পূজা সিংকে জেরা করার পর এই তিনজনের নাম জানা গেছে বলে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার করার পর এই তিনজনও পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছে। তবে এই যুবকদের পিছনে মাথা হিসেবে কারা রয়েছে তা অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, ধৃত রজত নিয়োগী এবং সন্দীপ সিং মাওবাদী পুনর্বাসন প্যাকেজে চাকরির জন্য আবেদন জানিয়েও তা পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *