উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে পাঞ্জিপাড়া বাজারে দাঁড়িয়েছিল ধৃত তিন যুবক। পুলিশের সন্দেহ হলে ওই তিন যুবককে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশের অনুমান ধৃতরা অন্য কারও জন্য অপেক্ষা করছিল। ধৃত তিন জনেরেই বাড়ি গোয়ালপোখর থানার পামল এলাকায়।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরে পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলছিল। পুলিশের তরফ থেকে একটি মোবাইল টিম গঠন করা হয়। আজকে পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশ ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *