উদ্বেগের অবসান, অবশেষে ভার‍ত সরকারের উদ্যোগে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরলো উত্তর দিনাজপুরের তিন ডাক্তারি পড়ুয়া

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ মার্চ: সমস্ত উদ্বেগের অবসান। অবশেষে ভার‍ত সরকারের উদ্যোগে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে অক্ষত অবস্থায় ভার‍তে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনে পাঠরত ডাক্তারি পড়ুয়াদের। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর রামকৃষ্ণপল্লীর বাসিন্দা পাভেল দাস ও চোপড়ার কাচাকালি এলাকার বাসিন্দা সোহেল আখতার ও শাহিদ আখতারকে নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের স্মৃতি পাভেল, সোহেল ও শাহিদদের তাড়া করে বেড়াচ্ছে। তাই এদিন বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরে পাভেল। ছেলেকে অক্ষত অবস্থায় কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মা।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা পাভেল দাস ও চোপড়ার কাচাকালির বাসিন্দা দুই ভাই সোহেল আখতার ও শাহিদ আখতার ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে করুন আবেদন করেছিলেন তাদের পরিবার। প্রতিটি ভারতীয়কে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ডাক্তারি পড়ুয়া পাভেল ও চোপড়ার সোহেল ও শাহিদকে দেশে ফিরিয়ে আনা হয়। পাভেল অক্ষত অবস্থায় দেশে ফিরে আসায় ভারত সরকারকে অভিনন্দন জানান তার মা অনুপমা দাস। ছেলে ফিরে আসায় তার কোল যেমন আলোকিত হয়েছে একইভাবে সমস্ত ভারতবাসী যাতে দেশে ফিরে আসতে পারেন তার উদ্যোগ নেবার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন অনুপমাদেবী।

অন্যদিকে নিজের দুই ছেলেকে ফিরে পেয়ে খুশি মতিবুর রহমান ও তার স্ত্রী তাহিরা খাতুন। দুই ছেলেকে ফিরে পেয়ে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। পাভেল সহ উত্তর দিনাজপুর জেলার তিন ডাক্তারি পড়ুয়া শিলিগুড়ি বাগডোগরা হয়ে ভারতে ফিরছে। উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মীনার কাছে এই সংবাদ আসে। তাদের বিশেষ মর্যদা দিয়ে বাগডোগরা থেকে তিন ছাত্রের বাড়িতে ফিরিয়ে দেবার ব্যবস্থা করার জন্য ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগকে নির্দেশ দেন। জেলা শাসকের সেই নির্দেশে বাগডোগরা বিমানবন্দরে তাদের অভিনন্দন জানিয়ে সরকারি গাড়িতেই তাদের আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *